চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৫:১৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা এবং পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। এসময় স্বাধীনতার ৫৬তম এই মাহেন্দ্রক্ষণে রক্তক্ষয়ী সংগ্রামে আত্মবলিদানকারী বীর শহিদদের স্মরণে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ সর্বস্তরের মানুষ গভীর দেশপ্রেম ও শ্রদ্ধা জানায়।
বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে ভোর ০৫:৫৭ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর চুয়াডাঙ্গার হাসান চত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় তার সঙ্গে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সময়ে সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ-এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।
শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন- জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অফিসার ইনচার্জ (ওসি), চুয়াডাঙ্গা সদর থানা আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা। এছাড়াও বিএনসিসি ক্যাডেট, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

























