আগৈলঝাড়ায় ছাত্রদলের হামলায় গৈলা ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ কর্মী আহত
- আপডেট সময় : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাতুল ইসলাম শাহেদ বেপারীর নেতৃত্বে ১৮-২০ জনের একটি সন্ত্রাসী দল রাতের আধারে হামলা চালিয়ে গৈলা মডেল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল হোসেন টিটু ও তার চাচাতো ভাই ছাত্রলীগ কর্মী আসিফ তালুকদারকে এলোপাথারি পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও গৈলা ইউপি মেম্বার সৌরভ মোল্লার বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার রাত ১২টার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ি আসছিলেন। তারা বাবন উদ্দিন এতিমখানার কাছে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহেদ বেপারীর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল তাদের মোটরসাইকেলে আ আকস্মিক হামলা চালায়। আকস্মিক সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান ও তার চাচাতো ভাই আসিফকে এলোপাথারি পিটিয়ে জখম করে তারা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্র্তি করা হয়। হামলার ঘটনা পুলিশকে জানালে শনিবার রাতেই এসআই আলী হোসেন ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছেন। আহত চেয়ারম্যান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী আসিফ তালুকদার বাদী হয়ে ২ জুলাই রবিবার রাতে হামলার নেতৃত্বদানকারী মোঃ শাহেদ বেপারীসহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে, নং-১(২.৭.২৩)। অভিযুক্ত ছাত্রদলের কেহই এলাকায় না থাকায় কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হামলার ঘটনায় মামলা দায়েরের কথা জানিয়ে বলেন আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।


























