আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ
- আপডেট সময় : ০৬:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় গ্রামবাসীর একটি অংশ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। পরে পরিস্থিতি শান্ত করে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের কাছ থেকে মিরুকে নিয়ে যান বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়দের একাংশ লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ছাড়েন।
হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, তাঁর ভাইকে গ্রেপ্তারের জন্য কয়েক মাস ধরে গ্রামে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রায় প্রতিদিনই পুলিশ গ্রামে প্রবেশ করে এবং এর মধ্যে গ্রামের কয়েকজন সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলেও তাঁর বড় ভাইকে গ্রেপ্তারের জন্য নিজ বাসভবনে অভিযান চালানো হয়।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দাদের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা যায়।
তবে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হন এবং নারীরাও সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, পুলিশ নিজেদের মতো করে ঘটনাস্থল থেকে চলে এসেছে। স্থানীয়রা পেছন থেকে চিৎকার করেছেন বলে জানান তিনি।



















