কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ১২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ীর ধাক্কায় মো.আবদুল্লাহ আল মামুন(৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫মে) দুপুরে বরিশাল- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি ষাটপাকিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ষাটপাকিয়া বাজার থেকে মহা সড়কে উঠতেই ঝালকাঠি থেকে আসা কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানকে বহনকারী গাড়ীটি তাকে ধাক্কা দিলে সে ছিটকে পরে এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল্লাহ আল মামুন উপজেলার মেরহর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন ।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের গাড়ীটি প্রকৃত চালক আল আমিনের পরিবর্তে চেয়ারম্যানের ব্যক্তিগত চালক মো.বাবু চালাচ্ছিলেন। মো.বাবু কাঠালিয়া উপজেলার চেচরী ইউনিয়নের উত্তর চেচরী গ্রামের বাসিন্দা । তার বাবার নাম কালাম সরদার।
দুর্ঘটনার বিষয় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, বরিশাল – ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


























