পটুয়াখালীতে ট্রলারডুবি: বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধানে অভিযান চলছে
- আপডেট সময় : ০৮:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর দশমিনা উপজেলার বুড়াগৌড়াঙ্গ নদীতে ট্রলারডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের সন্ধান এখনও মেলেনি। তাদের খোঁজে ফায়ার সার্ভিস, নৌপুলিশসহ উপজেলা প্রশাসনের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ চারজন হলেন- বর রাব্বি হাওলাদার (২০), তাঁর মা সেলিনা আক্তার (৪০) এবং দুই শিশু খাদিজা (৫) ও মানসুরা (৮)।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, নিখোঁজ চারজনের এখনও কোনো সন্ধান মেলেনি। প্রথম দফায় শুক্রবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। এরপর দ্বিতীয় দফায় আজ শনিবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌপুলিশসহ উপজেলা প্রশাসন কাজ করছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, শুক্রবার ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে এবং শনিবার এখনও অভিযান অব্যাহত রয়েছে। তবে নিখোঁজ চারজনের সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে দশমিনা উপজেলার চর বোরহান থেকে নববধূ নিয়ে নিজ বাড়ি একই উপজেলার আউলিয়াপুরে ফিরছিলেন রাব্বি হাওলাদার ও তার স্বজনরা। পথে আকস্মিক কালবৈশাখির ঝড়ের কবলে পড়ে বর-কনেসহ ট্রলারটি ডুবে যায়। পরে বরের ফুফু লিপি বেগমের (৩০) লাশ পাওয়া যায়। নিখোঁজ থাকেন বর ও বরের মাসহ চারজন।


























