ঈদের বিকেলে বরিশালে বাসচাপায় পুলিশ ও দুদক কর্মকর্তা নিহত
- আপডেট সময় : ০৪:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঈদুল ফিতরের দিন শনিবার বিকেলে বরিশাল নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) ফায়েজ (৩৩) ও হবিগঞ্জে কর্মরত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা এমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিহত এসআই ফায়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। নিহত দুদক কর্মকর্তা এমদাদুল হক নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ কর্মকর্তা ফায়েজ ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়িতে আসেন। বরিশাল নগরীতে শ্বশুরবাড়িতে কাজ শেষে এসআই ফায়েজ মোটরসাইকেলে করে বন্ধু দুদক কর্মকর্তা এমদাদুল হককে নিয়ে নলছিটির বাড়িতে ফিরছিলেন। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহন নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আনার পর এসআই ফয়েজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী এমদাদুল হক শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যান।’
কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও চালকের সহযোগী পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।


























