ডিমলায় রজতজয়ন্তীতে প্রাণের উচ্ছ্বাস
- আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
দেখতে দেখতে ২৫ বছরে পা দিল নীলফামারী জেলার ডিমলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজ। ১৯৯৭ সালে ৪০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করে বর্তমানে প্রায় ৯০০ শিক্ষার্থী পাঠদান করছে এই প্রতিষ্ঠানে।
এই দীর্ঘ যাত্রাপথে নানা গর্ব এবং উৎকর্ষতার ফলক স্পর্শ করে থাকার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। রজত জয়ন্তীতে প্রাণের উচ্ছ্বাসে নেচে-গেয়ে, আনন্দ উল্লাসের মাধ্যমে দিবসটি পালন করেছে নতুন ও পুরাতন শিক্ষার্থীরা।
সোমবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে কলেজের রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। পরে একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে মিলিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদেরসহ অতিথিরা।
আলোচনা সভা শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন, এছাড়া স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিরা।


























