বাবুগঞ্জে মন্দিরে আগুন দেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামে।
উত্তর দেহেরগতি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর কুমার রায় জানান, গত বুধবার গভীর রাতে তাদের ঘরের সামনে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির ও মনষা মন্দিরে কে বা কাহারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। সুধীর রায়ের পরিবার মন্দিরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন এবং ৯৯৯ এ কল দিয়ে থানা পুলিশ কে জানায়।
পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ওই রাতেই বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা পরবর্তী বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর কুমার রায় ও সম্ভু রায় জানান, প্রতিবেশী মাসুদ পারভেজ সোহেল রানা নামের এক ব্যক্তির কাছে বেশ কয়েকবছর পূর্বে ৬০ শতাংশ জমি তিনটি দাগে বিক্রি করেন। পরবর্তীতে মাসুদ পারভেজ সোহেল রানা ওই জমি স্থানীয় বিপ্লব হাওলাদার ও সালেক সরদার গংদের কাছে ওই জমি বিক্রয়ের উদ্দেশ্য বায়নাচুক্তি সম্পন্ন করেন। গত এক সপ্তাহ পূর্বে বিপ্লব হাওলাদার ও সালেক গংরা অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর কুমার রায়ের বসতবাড়ীর সামনে রাস্তার সাথে একই দাগে ৬০ শতাংশ জমি সীমানা পিলার দিয়ে দখলে নেন। এসময় সুধীর কুমার রায় গংরা বাধা প্রদান করলে তাদের বিভিন্ন ধরনের হুমকিধামকি প্রদান করেন। এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি প্রদান করেন। এ ঘটনায় রেশ না কাটতেই সপ্তাহের মাথায় সুধীর কুমার রায় এর বাড়ির মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা।
সুধীর কুমার রায় বলেন, এ মন্দিরের অগ্নিকাণ্ডের ঘটনা বিপ্লব হাওলাদার ও সালেক সরদার গংরা ঘটিয়েছে বলে আমার ধারণা। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
অভিযুক্ত মোঃ সালেক সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ আমাদের ফাঁসানোর জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা যার কাজ থেকে জমি ক্রয় করেছি তাদের কাজ থেকেই বুঝে নিয়েছি।
বাবুগঞ্জ থানার (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সুধির কুমার রায়ের বাড়ির সামনে অবস্থিত একটি মন্দিরের একপাশে অগ্নিকান্ডে কিছুটা পুড়ে গেছে।
প্রাথমিক ভাবে ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে মনে হচ্ছে। এটি কোন সাম্প্রদায়িক ইস্যু নয়।


























