বাবুগঞ্জে গভীররাতে ডাকাতি,গৃহবধূর গলা কেটে হত্যা, তবে পুলিশ বলছে পরিকল্পিত হত্যাকান্ড
- আপডেট সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জে মারুফা বেগম(৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে ডাকাতরা। সোমবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের ব্যবসায়ী মিলন খান এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মারুফা বেগম দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খান এর স্ত্রী। তাদের দুটি সন্তান আছে। এটি মিলন খান এর ২য় স্ত্রী প্রথম স্ত্রীর সাথে কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে। সেখানে একটি পুত্র সন্তান রয়েছে।
মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে একাধিক ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এরপর অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে।
নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় মিলন খানের স্ত্রীর বাঁধা দিলে ডাকাতরা তার গলা কেটে হত্যা করে, এসময় তাকে উদ্ধার করতে মিলন খান এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন। এতে মিলন গুরুতর আহত হয়। পরে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলন খানকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ সময় আহত মিলন ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলেও কোনো ডাকাতকে আটক করতে পারেনি।
হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,বিপিএম। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা কান্ড তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


























