উল্লাপাড়া থেকে সিংড়া ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে

মোঃ আজিজুল হক(সিরাজগঞ্জ প্রতিনিধি):
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে ফরিদুল ইসলাম (৫৫) নামের এক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
প্রাথমিক ভাবে জানা যায়, উক্ত এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল চলে আসছিলো। ফরিদুই ইসলাম এক পক্ষের নেতৃত্ব দেন। জমিজমা নিয়ে গোন্ডগোলে দুই পক্ষের বেশ কিছু লোক মারা গেলে বেশ কিছুদিন ধরে ফরিদুল আত্মোগোপনে ছিলেন।
বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের একটি ডোবায় এলাকাবাসী ফরিদের লাশ দেখতে পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ফরিদের লাশ উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে খুনিরা অন্যত্র ইউপি সদস্য ফরিদুল ইসলামকে গলাকেটে হত্যা করার পর মরদেহ এখানে ফেলে রেখে যায়।
এ বিষয়ে সিংড়া থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
















