জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে ঈর্ষায় জ্বলছে বিরোধীদল: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
এবারের ঈদযাত্রা অন্য যেকোনো বারের চেয়ে স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।
সোমবার সকালে রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে । ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার, অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। তবে সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্ব করতে মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

























