ঈদযাত্রায় স্বস্তির আশা কাদেরের
- আপডেট সময় : ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১১১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সবাই বলছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রায় সড়কের অবস্থা ভালো। আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট থাকত, সেখানেও এবার গাড়ি চলাচল করছে। মহাসড়কের কোথাও যানজটে স্থবিরতা নেই। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আমি আশাবাদী।
শুক্রবার ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পর সড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একই কথা বলেছিলেন তিনি।
অতিরিক্ত ভাড়ার বিষয়ে কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।’
গাবতলিতে বিভিন্ন পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটিকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএর চেয়ারম্যানকে বলে দিচ্ছি, অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে।

























