বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
- আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০০ বার পড়া হয়েছে

আরিফ হোসেন॥ বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বরিশালে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগসহ নগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয়ে ব্যাপক আলোকসজ্জ্বা করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূস প্রমুখ। এছাড়া নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে দিবসটি উপলক্ষে শিশু কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


























