তিন বিমা প্রতিষ্ঠানে ২৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
- আপডেট সময় : ০৫:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আর্থিক নিরাপত্তা পেতে বা ঝুঁকি কমাতে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিমা করলেও বিমার দাবি না মেটানোসহ বিমা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আছে নানা অভিযোগ। গ্রাহকের মৃত্যুর পরও বিমার টাকা পাচ্ছে না অনেক নমিনি। এমনই তিন বিমা প্রতিষ্ঠান- ফারইস্ট, ডেল্টা এবং জীবন বীমা কর্পোরেশনের বিরুদ্ধে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।
এই প্রতিষ্ঠানগুলো গ্রহকের কাছ থেকে বিভিন্ন সময় ভ্যাট বা আয়করের নামে আদায় করা টাকাও আত্মসাতের অভিযোগ আছে। এছাড়া বিভিন্ন বিমা কোম্পনির মালিকেরা পরিচালনা পর্ষদে নিজেদের আত্মীয়-স্বজন নিয়োগ দিয়ে আত্মসাৎ করছে বিপুল অংকের টাকা।
এমন সব অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে দুদক বলছে, কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। চাই সরকারের আরও জোরদার উদ্যোগ। এদিকে, দেশের আর্থিকখাতের অরাজক পরিস্থিতির প্রভাব বিমা খাতেও পড়েছে, বলছে টিআইবি।
দুদকের তথ্য মতে, এই তিন বিমা প্রতিষ্ঠানের দুর্নীতি চিত্র হচ্ছে- ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে প্রায় ১৩শ কোটি টাকা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে প্রায় ১১শ ৪১ কোটি টাকা এবং জীবন বিমা কর্পোরেশনের বিরুদ্ধে আছে প্রায় ১কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।
সব মিলিয়ে এই তিন বিমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট আড়াই হাজার কোটি টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া কুড়ি জন গ্রাহক ও বিমা কর্মীর বিরুদ্ধে অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে দুদকের মুখ্য আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “আমার মনে হয় অচিরেই অনেক কিছু উদঘাটিত হবে। আর সেখানে যে তথ্য পাওয়া যাবে তার উপর ভিত্তি করেই পরবর্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া সরকারের উচিত বিমা খাতকে নতুন করে ঢেলে সাজানো”।
এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বেসিক ব্যাংকে আব্দুল হাই বাচ্চু এবং পিপলস লিজিংএ পিকে হালদার দুর্নীতি করে পার পেয়ে যাওয়ায় আর্থিক খাতের শাখা প্রশাখায় অনিয়ম দিন দিন বাড়ছে।
এই তিনটি বাদে আরও কয়েকটি বিমা কোম্পানির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক কাছে। যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে শুরু হবে অনুসন্ধান।

























