বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু স্ত্রীকে বরের থাপ্পড়, অন্য একজনকে বিয়ে তরুণীর
- আপডেট সময় : ০৯:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
স্থানীয় রীতি অনুসারে বিয়ের একদিন আগেই ছিল রিসেপশন বা খাওয়া-দাওয়া, নাচ-গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ডিজের তালে নাচে মেতে ওঠেন হবু বধূ । কিন্তু বিষয়টি একেবারেরই পছন্দ হয়নি হবু বরের। অভিযোগ রয়েছে, এ কারণে আমন্ত্রিত অতিথিদের সামনে তরুণীকে চড় মারেন হবু বর। এরপরই চমকে দেওয়া সিদ্ধান্ত নেন তরুণী। হবু বরের বদলে নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে,হবু বর চড় মারার কয়েক ঘণ্টা পরেই ওই তরুণী তার কাজিনকে বিয়ে করেন। তরুণীর বাড়ি রাজ্যের কুড্ডালোর জেলার পানরুতিতে। অভিযুক্ত তরুণের বাড়ি একই জেলার পেরিয়াকাট্টুপালায়মে। তাদের বিয়ের অনুষ্ঠান ধার্য ছিল গত ২০ জানুয়ারি। তার আগের দিনে স্থানীয় প্রথা অনুসারে ছিল বিয়ের খাওয়া-দাওয়া তথা আনন্দ অনুষ্ঠান। সেখানেই এই গোলমাল দেখা দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী ডিজের তালে নাচ করছিলেন অন্য আত্মীয়-বন্ধুদের সঙ্গে। বরও যোগ দেন তাতে। এর মধ্যেই তরুণীর চাচাতো ভাই এসে বর-বধূর হাত ধরে নাচা শুরু করেন। যা একেবারেই পছন্দ হয়নি বরের। তিনি ওই তরুণ এবং নিজের হবু বধূর থেকে হাত ছাড়িয়ে নেন। এরপর হবু বর দু’জনকেই ধাক্কা মারে বলেও অভিযোগ ওঠে।
কনের বাবার অভিযোগ,আমন্ত্রিত লোকজনের সামনে তরুণীকে চড় মারেন হবু বর। এরপরই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। পরিবারকে তিনি জানিয়ে দেন, ওই ছেলেকে বিয়ে করবেন না। যা মেনেও নেয় মেয়ের বাড়ির লোক। এরপর মেয়েটির এক চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর।
এদিকে পানরুতির নারী পরিচালিত থানায় মেয়েপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রত্যাখ্যাত তরুণ। সেখানে তিনি বিয়ের প্রস্তুতি এবং অনুষ্ঠান বাবদ যে সাত লাখ খরচ হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করেন।

























