ভোটকেন্দ্রে অস্ত্রসহ গ্রেফতার: ছাত্রলীগ নেতা রনির সাজা বাতিল
- আপডেট সময় : ০৪:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে ভোটকেন্দ্রে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেফতার হয়েছিলেন মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ তাকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন রনি।
বিচারিক প্রক্রিয়া শেষে রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তারের আদালত সেই সাজা বাতিল করে রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন। তিনি জাগো নিউজকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের দণ্ড বাতিল চেয়ে আপিল করা হয়েছিল। আদালত আপিল মঞ্জুর করে সাজা বাতিল করেছেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র থেকে গ্রেফতার হয়েছিলেন রনি। ওই সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই বছরের দণ্ড দেওয়া হয়। একই ঘটনায় তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরে রনি ওই বছরের ২৫ মে জামিনে মুক্তি পান।
তবে ভ্রাম্যমাণ আদালতের সাজা বাতিল হলেও রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় দায়ের হওয়া অস্ত্র মামলাটি আদালতে বিচারাধীন।

























