বাবুগঞ্জে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম
- আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় দামও কমতে শুরু করেছে সবজির দাম।
সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমলেও টমেটো এখনো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। বাজারে নতুন আলু না আসায় কিছুটা বাড়তি দামেই ক্রেতাদের পুরোনো আলু কিনতে হচ্ছে।
সোমবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার, বাবুগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। টমেটো গত সপ্তাহে ১৪০-১৫০ টাকায় বিক্রি হলেও সোমবার ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা ও মুলা ১৫ – ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি লাউ ৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ১৫ – ২০ টাকা, পুরোনো আলু ২২ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ৫০, ঢ্যাঁড়স, বরবটি, ৬০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাবুগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মোঃ রিপন জানান, শীতকালীন সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। তবে বাজারে এখনো নতুন আলু না আসায় আগের দামেই বিক্রি হচ্ছে।
বাবুগঞ্জ বাজারে সবজি কিনতে আসা মোঃ সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে দাম একটু কমেছে। তবে টমেটো এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম জানান, সব ধরনের নিত্যপণ্যের দাম মনিটরিং অব্যাহত রয়েছে।

























