কক্সবাজার পৌর মেয়রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে শহর অচল
- আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা হয়েছে।
এই মামলার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে তার কর্মী, সমর্থক ও বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করছে। এতে কক্সবাজার শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে যান চলাচলও। এতে বিপাকে পড়েছে কয়েক হাজার পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা।
এর আগে বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে (৩২) গুলি করা হয়। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকৎসাধীন।
এ ঘটনায় রোববার দুপুরে মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আহত মোনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান। মামলার ২ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে।
মামলার অন্য আসামিরা হলেন, শহরের বাদশা ঘোনা এলাকার মো. সরওয়ার কামাল প্রকাশ সবুজ, একই এলাকার সাদেক উল্লাহ ছিদ্দিকী, শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার খায়রুল আমিন ও তার বাবা নুরুল আমিন, টেকপাড়া এলাকার আবদুল জব্বার এবং নতুন বাহারছড়া এলাকার আবু ছিদ্দিক খোকন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মেয়র মুজিবুর রহমানকে আসামি করে মামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় তার কর্মী সমর্থক ও বিক্ষুব্দ লোকজন রাস্তায় নেমে আসে। মিছিল সমাবেশ ও সড়কে ব্যারিকেট দিয়ে তারা প্রতিবাদ জানাতে শুরু করে। এরপর শহরের সব দোকান পাট ও বাস কাউন্টার বন্ধ হয়ে যায়। সড়কের মাঝখানে পৌরসভার ময়লার গাড়ি রেখে যাতায়াত বন্ধ করে দেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন বিক্ষুব্ধ লোকজন। এতে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল। শহরে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আহত মোনাফ সিকদারের একটি ভিডিও রেকর্ড করেন কেউ একজন। ওই ভিডিওতে মোনাফ সিকদার বলেন, ‘আমাকে মুজিবুর রহমান মেয়রের নির্দেশে গুলি করা হয়েছে।’ এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
তবে এ বিষয়ে মেয়র মুজিবুর রহমান বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে। মোনাফ সিকদার শহরের চিহ্নিত একজন সন্ত্রাসী। হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি মোনাফ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শহরের কলাতলী এলাকায় এক ব্যক্তির জমি দখল করে নিয়েছে। তার এসব অপকর্ম আড়াল করার জন্য আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে আহত মোনাফ সিকদারের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আজ রেকর্ড করা হয়েছে। এতে মেয়র মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখবে। এ ঘটনায় কার কী সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি বলেন।
























