প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অপসারণ দাবি রসিক মেয়রের
- আপডেট সময় : ১২:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের সমালোচনা করে তার অপসারণ দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে রংপুরে জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর অপসারণ দাবিতে আন্দোলন বেগবান করার দাবি জানিয়েছেন তিনি।
জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়।
এ সময় রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আগুন জ্বলবে। তিনি বলেন, এদেশে হিন্দু-মুসলমানদের ঐক্যবদ্ধ বন্ধন রয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কার এজেন্ট তা খুঁজে বের করতে হবে। তাকে যদি অপসারণ করা না হয় তাহলে আন্দোলন বেগবান করতে হবে। জাতীয় পার্টি কোনো কর্মসূচি না দিলেও রংপুর জাতীয় পার্টি আন্দোলন শুরু করবে।
এ সময় প্রতিমন্ত্রী ডা. মুরাদকে অপসারণ করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা সদস্য সচিব সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

























