নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৯:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৮২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্মীয় উস্কানি ছড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রয়েছে সব দোকানপাট। সভা, সমাবেশ ও মিছিলসহ গণজমায়েতও নিষিদ্ধ।
শুক্রবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে মাইকে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
১৪৪ ধারা জারির পর নোয়াখালী শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও বিজিবি।
এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবেন।

























