সিগারেট না পেয়ে চা দোকানিকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ভোলায় আবুল বাশার নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিগারেট না দেওয়ায় জাবেদ নামের স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী তাকে কুপিয়ে হত্যা করে।
এদিকে, পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করেছে। একইসঙ্গে ওই অভিযুক্ত প্রতিবন্ধী জাবেদকে আটক করেছে।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলা শহরতলীর নবীপুর গ্রামের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টায় বাঁশতলা এলাকার চা দোকানি আবুল বাশারের (৫৫) কাছে চা খেতে চায় স্থানীয় মানসিক প্রতিবন্ধী জাবেদ। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে জাবেদ দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে আবুল বাশারের গলায় আঘাত করে।
এসময় উদ্ধার করতে আসলে পাশের দোকানদার মো. ইব্রাহিমকে কুপিয়ে আহত করে সে। স্থানীয়রা আহত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ওই এলাকা থেকে অভিযুক্ত জাবেদকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সে মানসিক বিকারগ্রস্ত বলে জানা গেছে।


























