বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ হিজলা উপজেলার কাকুরিয়া গ্রামের স্ত্রী আকলিমা বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যার দায়ে স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দন্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।
দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে কাকুরয়িা গ্রামের রতন মাঝির ছেলে কবির। দাম্পত্য জীবনে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কবির পেশায় জেলে। নিহত আকলিমা লক্ষ্মীপুরের চর আবাবিল গ্রামের আবুল বাশার ফকিরের মেয়ে। মামলার বাদী হচ্ছেন নিহতের ভাই ইব্রাহীম ফকির।
আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, কবিরের সাথে আকলিমার পারিবারিভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। কিন্তু কবির কারনে-অকারনে আকলিমাকে সন্দেহ করতো। একইভাবে আকলিমাও তার স্বামীকে সন্দেহ করে। এর জের ধরে পরিবারে অশান্তি লেগেই থাকতো। কবির প্রায়ই আকলিমাকে মারধর করতো। এ কারনে ঘটনার পূর্বে আকলিমা তার বাবার বাড়ি যায়। সেখান থেকে বাড়ি আসার জন্য কবির বারবার তাগিদ দিলেও সে আসতে চায় না। পরবর্তীতে আকলিমা কবিরের বাড়িতে ফিরে আসে।
এ সময় কবির জানতে পারে আকলিমা তার অভিভাবকদের কাছে জানিয়েছে স্বামী পরকিয়া প্রেমের আসক্ত। এ জন্য তাকে মারধর করে। ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১৫ জুলাইর যে কোন দিন আকলিমাকে শ্বাসরোধে হত্যা করে কবির। এরপর লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করে। এ ঘটনায় ১৫ জুলাই বাদী নিহতের ভাই একমাত্র কবিরকে আসামী করে হিজলা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কবিরকে গ্রেফতার করা হলে ১৬৪ ধারা জবানবন্দিতে আকলিমাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বিকার করে।
২০১৯ সালের ১৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা হিজলা থানার ওসি মো. মাইনুদ্দিন একমাত্র কবিরকে অভিযুক্ত করে চার্জশীট দেন। ১৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই রায় দেন।

























