পটুয়াখালীতে প্রেম করার অপরাধে যুবককে আটকে রেখে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রেম করার অপরাধে রাজিব (২৪) নামের এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বছরের শেষ দিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মনির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত রাজিবকে শুক্রবার (০১ জানুয়ারি) উদ্ধার করে তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। রাজিব কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১১ নম্বর হাওলা গ্রামের নাসির ফরাজীর ছেলে।
আহত রাজিব সাংবাদিকদের জানান, প্রায় ৪ মাস আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামের এক একটি মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার মেয়েটি তাকে পার্শ্ববর্তী উপজেলার আমতলী যেতে বলে। রাজিব আমতলীতে তেলের পাম্প এলাকায় পৌঁছালে মনির মৃধা, দুলাল ও বেল্লালসহ বেশ কয়েকজন তাকে হঠাৎ মারধর করে অটোতে করে মনির মৃধার বাড়িতে নিয়ে যায়। এরপর একটি ঘরের মধ্যে আটকে রাতভর নির্যাতন চালায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে সকালে আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানের সহযোগিতায় রাজিবকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


























