সাংবাদিককে মারধরের মামলায়: ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১১১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: বেসরকারি একটি টিভি চ্যানেলের সাংবাদিক এবং ক্যামেরাম্যানকে মারধরের মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ওই এলাকার স্কুলশিক্ষক ও জামায়াত নেতা আবু তালেব রওশনের বাড়িতে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা সাদ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়ায় নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ।
সাদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মণ্ডলের ছেলে। আবু তালেব রওশনের বাড়িও পাটিকাবাড়িতে। তিনি চাকরি সূত্রে আলমডাঙ্গাতে থাকেন।
ছাত্রজীবনে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিটের ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করা আবু তালেব বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তিনি জামায়াতের কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভির প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও তার ক্যামেরাম্যানকে মারধর করেন সাদ ও তার কর্মীরা। এ ঘটনায় দেবেশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। এছাড়া সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ বহুমুখী অভিযোগ রয়েছে।
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার তানভীর আরাফাত সাংবাদিকদের বলেন, সাংবাদিক নির্যাতনের মামলায় সাদকে আলমডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় একজন জামায়াত নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন।’


























