চেম্বারে রোগীকে ধর্ষণচেষ্টা: ডাক্তার আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: চিকিৎসা নিতে আসা কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দন্ত চিকিৎসককে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এমদাদ হোসেন নামে এই চিকিৎসক ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে।
মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজি জাহেদ আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘এমদাদ ডিজিটাল ডেন্টাল কেয়ার’ নামের চেম্বারে তিনি দন্ত চিকিৎসা করেন।
শ্রীপুর থানার এসআই নাহিদ হাসান জানান, মঙ্গলবার বিকেলে কিশোরী মেয়েকে ওই চিকিৎসকের চেম্বারে পাঠিয়ে তার মা বাইরে অবস্থান করছিলেন। কিশোরীকে চিকিৎসা না দিয়ে এমদাদ তাকে ব্যক্তিগত কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়ের চিৎকার শুনে মা ভেতরে ঢুকে ঘটনা জানতে পারেন। পরে তিনি স্থানীয়দের জানালে তারা তাকে মারধর করে পুলিশে দেয়।
আহত চিকিৎসককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এছাড়া স্থানীয়দের জানানোর আগে ওই চিকিৎসক এ ঘটনা কাউকে না বলার জন্য মা-মেয়েকে ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন কিশোরীর মা।


























