মোটরসাইকেল না পেয়ে মাকে পুড়িয়ে মারল ছেলে। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: মোটরসাইকেল কিনে না দেয়ায় শেরপুরের শ্রীবরদীতে মাকে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আবু হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের তাঁতিহাটি পশ্চিমপাড়া থেকে হানিফকে গ্রেফতার করা হয়। নিহত হুনুফা বেগম একই এলাকার সদাগর আলী সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সদাগর আলী সরদারের এক ছেলে ও এক মেয়ে। এরমধ্যে হানিফ সবার বড়। কিছুদিন ধরে মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে আসছিল হানিফ। এতে রাজি না হওয়ায় ১১ অক্টোবর মা হুনুফা বেগমের শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় পাষন্ড ছেলে। পরে স্থানীয়রা দগ্ধ হুনুফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে শেরপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও হুনুফার অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে হুনুফা মারা যান।
শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনায় শনিবার আবু হানিফের বিরুদ্ধে মামলা করেন হুনুফা বেগমের বড় ভাই শেরপুর শহরের চকপাঠক এলাকার বাসিন্দা দুলাল মিয়া। পরে আবু হানিফকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


























