পুলিশ কর্মকর্তার ঘর থেকে মিলল দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ধোবাউড়া থানায় কর্মরত এএসআই শফিকুল ইসলামের ঘর থেকে তার দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধোবাউড়া বাজার তরকারী মহলে ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হয়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, দ্বিতীয় স্ত্রী মাহিনুর আক্তার সুমি (৩২) এএসআই শফিকুলের প্রেমের টানে আগের স্বামীর ঘরে এক সন্তান রেখে পালিয়ে আসে। পরে শফিকুলের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে দুজনের মাঝে পারিবারিক কলহ লেগে থাকতো। এছাড়াও এএসআই শফিকুলেরও প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় ধোবাউড়া থানায় কোন মামলা দায়ের করা হয়নি।


























