কুয়াকাটায় আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু, দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৮:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কুয়াকাটায় সোনার বাংলা নামের একটি আবাসিক হোটেল থেকে রিপন (২৯) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে টুরিস্ট পুলিশ।
নিহত রিপন সাভারের আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি একজন গার্মেন্টস কর্মী।
হোটেল সূত্রে জানা যায়, ২০ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) আবাসিক হোটেল সোনার বাংলার ১০৫ নাম্বার কক্ষ ভাড়া নেন। এই কয়েক দিন তারা হোটেলে ছিলেন। রোববার সকালে স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠা নারীর চিৎকারে হোটেলের কর্মচারীরা কক্ষে যান। কক্ষের মেঝেতে রিপনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।
রিপনের দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী বলেন, ‘গতকাল (শনিবার) থেকেই রিপন তার পরিবার ও প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করেন। প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলাও করার হুমকি দেন বলে জানান রিপন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রিপনকে গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখে চিৎকার দিই। পরে আমি ফাঁস খুলে তাকে নিচে নামিয়ে আনি।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে কক্ষের মেঝে থেকে রিপন নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই সময় তার স্ত্রীও কক্ষে ছিলেন। ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























