পুলিশের লাঠিচার্জে পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা পণ্ড
- আপডেট সময় : ০৭:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেওয়া পদযাত্রা কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুটটি। স্নেহাংশু সরকার জানান, সকালে কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে কর্মসূচি পণ্ড করে দেয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এ জন্য তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’ তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পটুয়াখালীতে বিএনপির আজকের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে আজ জেলায় জেলায় এ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন।


























