ঝালকাঠির ভাইজান খ্যাত খান সাইফুল্লাহ পনিরের ৬১তম জন্মদিন আজ
- আপডেট সময় : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনতার ভাইজান খ্যাত অ্যাড. খান সাইফুল্লাহ পনিরের ৬১তম জন্মদিন আজ।
ঝালকাঠির স্টেশন রোড এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। কলেজ পড়ুয়া ছাত্রনেতা থেকে শুরু করে প্রবীণ রাজনীতিক সকলের আস্থায় দেদীপ্যমান খান সাইফুল্লাহ পনির।
১৯৭৮ সালে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮০ সালে ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এই বরেণ্য রাজনীতিবিদ।
এরপর বিএম কলেজ থেকে ১৯৮৪ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক, ১৯৮৬ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ও ১৯৮৮ সালে বিএম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি।
ছাত্রজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতিতে পা বাড়ান খান সাইফুল্লাহ পনির। তিনি ১৯৮৩ সালে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, ১৯৮৪ সালে বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯৮৭ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ নেতা বাংলাদেশ ছাত্রলীগের সুলতান-মুনসুর কমিটির কার্যকরী সদস্য ও যুবলীগের শেখ সেলিম-কাজী ইকবাল কমিটির কার্যকরী সদস্যের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এরপর তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (১৯৯১-১৯৯৭) ও সাংগঠনিক সম্পাদক (১৯৯৭-২০০৫) দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে তিনি প্রথমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানেও তিনি দক্ষতা ও সফলতার সঙ্গে একই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন খান সাইফুল্লাহ পনির। ২০২২ সালে ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
দলের নেতাকর্মীর আশা-ভরসারস্থল খান সাইফুল্লাহ পনির সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনগণের সেবায় নিয়োজিত আছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ (বৃহস্পতিবার) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


























