বাবুগঞ্জে ৪ ইউপি সদস্যের আওয়ামীলীগে যোগদান
- আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলনের নেতৃত্বে আনন্দ র্যালি ও কেক কাটা হয়।
আনন্দ র্যালিটি কলেজগেট থেকে শুরু হয়ে বাবুগঞ্জ বন্দর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি, জাতীয় পার্টি ও জাকের পার্টির ৪জন ইউপি সদস্য আওয়ামীলীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলনের হাতে ফুল দিয়ে যোগদান করেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন , চাঁদপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মোল্লা, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাতীয় পার্টির নেতা জসিম ঘরামি, জাকের পার্টির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চল মোল্লা ও কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা ইব্রাহীম বিশ্বাস সহ শতাধীক নেতাকর্মী।


























