টানা ১৪ মাস ধরে করোনা পজিটিভ তিনি
- আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
করোনা মহামারি শুরুর পর দুই বছর পেরিয়ে গেছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ গেছে অনেকের। আবার এই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে সেরেও উঠেছেন অনেকে। কিন্তু প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ৭৮ বারের পরীক্ষাতেও পজিটিভ হন তুরস্কের এক ব্যক্তি। এ কারণে হাসপাতাল ও বাড়িতে তার বন্দী জীবন কেটেছে প্রায় ১৪ মাস। খবর ডেইলি সাবাহর।
দীর্ঘ সময় ধরে করোনায় ভোগা মুজাফফের কেয়াসান (৫৬) একজন লিউকোমিয়ার রোগী। ২০২০ সালের নভেম্বরে তিনি প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন। প্রথম দফায় ভাইরাসটি তাকে তেমন ভোগায়নি। অল্প কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়েই বাড়ি ফেরেন। পুরোপুরি সেরে উঠতে ইস্তাম্বুলের সার ইয়ার জেলার বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে যান মুজাফফের। এর মধ্য দিয়েই শুরু হয় তার ঘরবন্দী জীবন।
সাধারণত দুই সপ্তাহ পর পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে করোনা রোগীকে আইসোলেশনে থাকতে হয় না। কিন্তু এ রকম অসংখ্য সপ্তাহ পার হলেও পরবর্তী পরীক্ষায় মুজাফফের কেয়াসানের নেগেটিভ ফল আসেনি। সব মিলিয়ে ৭৮ বার পরীক্ষা করলেও প্রতিবারই ফল পজিটিভ আসে তার। বাধ্য হয়ে ১৪ মাস হাসপাতালে ও বাড়িতে ঘরবন্দী থাকতে হয় তাকে। এর মধ্যে ৯ মাস হাসপাতাল ও ৫ মাস বাড়িতে ছিলেন তিনি।
মুজাফফের বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমি নিজেই ভাইরাসটি বহন করেছি। আমার মনের অবস্থা এমন ছিল যে জানালার পাশ দিয়ে কোনো বিড়াল হেঁটে গেলেও মনে হতো সেটি আমাকে আক্রান্ত করতে পারে।’
চিকিৎসকেরা তাকে জানান, লিকিউমিয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভেঙে পড়ায় তিনি প্রতিবারই পজিটিভ হচ্ছেন।

























