বাবুগঞ্জে বিরামহীন বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান
- আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৬৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বিরামহীন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ধানক্ষেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, হেলে পড়েছে কৃষকদের পাকা ধান। এতে চিন্তিত কৃষকরা।
এবছর বাবুগঞ্জে ৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। মাঠভরা সোনালী ধান দেখে কৃষকের হাসি ফুটেছিলো। আর ৭/৮ দিনের মধ্যে কৃষকরা এ ফসল ঘরে তুলতে পারতো। কিন্তু ২ দুদিনের বিরামহীন বৃষ্টিতে অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি ও পাকা ধান হেলে পড়েছে।
কৃষকরা জানান, তাদের মাঠে এখন রোপণ করা পাকা আমন ধান। এ অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া গ্রামের কৃষক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, গত দুদিনের বৃষ্টিতে তার ক্ষেতে পাকা আমন ধান হেলে পড়েছে। এমনকি ধান ক্ষেতে রোপিত কলাই ডাল নষ্ট হওয়ার সম্ভাবনায় তিনি চিন্তিত আছেন।
উপজেলার রহমতপুর ইউনিয়নের কৃষক মোঃ হালিম হাওলাদার জানান, পাকা ধান হেলে পড়ার কারণে কিছুটা ধানের ক্ষতি হবে। তবে বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতি বেশি হবে।
বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস জানায়, কৃষকরা ৩৫ ভাগ ধান কেটে ঘরে তুলতে পেরেছেন। বাকি ৬৫ ভাগ ধান এখনো মাঠে রয়েছে। এই মুহুর্তে কি পরিমান ক্ষতি হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে ২/১ দিন পরে আমনের মাঠগুলোতে সরেজমিনে পরিদর্শন করার পরে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

























