কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
- আপডেট সময় : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুর ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন তারা। শুক্রবার দুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।
এদিকে কুয়েট শিক্ষক অধ্যাপক ডক্টর মো সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তসহ ৫ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে গত ৩০ নভেম্বর দুপুরে নিজ বাসায় অসুস্থ বোধ করলে হাসপাতালে নেবার পথে মারা যান ডক্টর মো সেলিম হোসেন।
তার আগে দুপুর ১২টার দিকে সিসিটিভিতে দেখা যায়, অফিস থেকে বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী তার পথরোধ করে অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে অনুসরণ করে কয়েকজন ছাত্রকে তার কক্ষে যেতে দেখা গেছে।
সেখানে অধ্যাপক সেলিমকে লাঞ্ছনা করা হয়ে থাকতে পারে সন্দেহ তুলে এই ঘটনার বিচার দাবিতে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মানসিক নির্যাতনের জেরে শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা বলছেন, ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের অভ্যন্তরীণ রাজনীতির শিকার তারা।

























