বাবুগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খালে! যানচলাচল বন্ধ, ভোগান্তি ।
- আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশাল-বানারীপাড়া মহাসড়কের বাবুগঞ্জের মাধবপাশায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন (রাজার ব্যার) খালের ওপর থাকা আয়রন সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে একটি পাথরবোঝাই ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানাড়ীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়।
পুরনো এ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করতে থাকে।
এ অবস্থায় বুধবার সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানাড়ীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানাড়ীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অামীনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী বাদলা গ্রামের মোঃ শাহজাহান জানান, পাথর বোঝাই বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট ট- ১৩-০৯২৫ নাম্বারের ট্রাকটি বানারিপাড়ার দিকে যাচ্ছিলো। ব্রিজের মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে চালকসহ হেলপার সামান্য আহত হয়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে অাটকা পড়েছে এ সড়কে চলাচল কারি কয়েক শতাধিক যানবাহন। দুর্ভোগে পরেছেন হাজারো যাত্রী।
পথচারী মোঃ সুমন হাওলাদার, মোসাঃ আছিয়া বেগম ও স্কুলছাত্রী তানিয়া আক্তার সহ একাধিক পথচারী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশাল যেতে তাদের তাদের দুর্ভোগে পরতে হচ্ছে। তারা অতিবিলম্বে ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসন সহ উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।


























