বরিশালে দুই ইউপি সদস্যের ঘুষ লেনদেনের অডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের উজিরপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সরকারি প্রকল্পে দুর্নীতি ও ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কথোপকথনটি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বেবী রানী হালদার ও সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড মেম্বার দীপালী হালদারের বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
মো. জুনায়েদ সিদ্দিকী নামে ফেসবুক আইডি দিয়ে গত ১০ ফেব্রুয়ারি এটি পোস্ট করা হয়। পোস্টটি একদিনে ১০৪ বার শেয়ার হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় বিষয়টি নিয়ে তোলপাড় চলছে।
স্থানীয়রা জানান, কথোপকথনের বিষয়টি দারিদ্র্যবিমোচন কর্মসূচি প্রকল্পের কাজ যথাযথভাবে না করিয়ে সেই টাকা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ভাগ করা সংক্রান্ত। ১৯ মিনিট ৫৬ সেকেন্ডের কথোপকথনে ইউপি মেম্বর দীপালী হালদার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন যে, উপজেলা প্রশাসনকে ঘুষ দেয়ার পরও তার (দীপালী হালদার) বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ওই কথোপকথনে স্থানীয় নানা বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে।
ফোনে আলাপকালে দীপালী হালদার বলেন, ভাইরাল হওয়া অডিওটি তার নিজের এবং সেখানে যা দাবি করা হয়েছে তা সবই সত্য। তবে ইউপি চেয়ারম্যান বেবী রানী হালদার দাবি করেন, ওই কণ্ঠস্বর তার না এবং এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন দাস জানান, নানা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দীপালী হালদারকে কেন বরখাস্ত করা হবে না বলে নোটিশ এসেছে। যার ফলে তিনি এখন এই ধরনের কথা রটাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস সাংবাদিকদের জানান, অডিওর আলোচিত বিষয়টি তার আমলের নয়। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, নানা অভিযোগে ইউপি সদস্য দীপালী হালদারকে ৪ মাস আগে বরখাস্ত করা হয়। কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সে ব্যাপারে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


























