চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১২২ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন।। চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা, ফেন্সিডিল, রামদা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। পৃথক এসব ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই আসামি। এর মধ্যে দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ইসলাম (৪৬) নামের এক আসামি আটক হয়েছে। আটককৃত আসামি ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামের গোলাম রহমানের ছেলে। রবিবার (৩১শে জানুয়ারি) বেলা ১টার সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের দিকনির্দেশনায় এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন হৈমতপুর গ্রামের শহীদ পাঁচ কবর স্মৃতিসৌধ এর সামনের তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান।
এর আগে রবিবার (৩১শে জানুয়ারি) রাত ২টা ৪০ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা, ১টি রামদা এবং ১টি চাইনিজ কুড়ালসহ রফিকুল মল্লিক (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল মল্লিক চুয়াডাঙ্গা সদর থানাধীন পিরোজখালী (পূর্বপাড়া) গ্রামের মৃত শাহ আলমের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষ রায়, এসআই কৃপা সিন্ধু মৃধা এবং এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ রবিবার গভীর রাতে আসামিকে গ্রেফতার এবং তার শয়নকক্ষ হতে এসব মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে। অবৈধভাবে মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র রাখার দায়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।


























