চুয়াডাঙ্গায় র্যাবের মাদকবিরোধী অভিযান; গাঁজাসহ এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ২২৬ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার সদর উপজেলায় র্যাব কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আয়নাল শেখ (৬০) নামের এক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আয়নাল শেখ উপজেলার ভাণ্ডারদহ ছয়মাইল (হঠাৎপাড়া) গ্রামের মৃত মোহর আলী শেখের ছেলে। শুক্রবার (২২শে জানুয়ারি) বেলা ১টা ১৫ মিনিটের সময় আসামির নিজ বসতবাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ ছয়মাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে৷ অভিযানকালে ওই এলাকার আয়নাল শেখের টিনশেডের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আসামি আয়নাল শেখকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন।


























