পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে
- আপডেট সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বারিধারাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়।
ফায়ার সার্ভিস ও পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মোটামুটি সুস্থ ছিলেন। তবে অগ্নিকাণ্ডের পরপরই ধোঁয়ার সংস্পর্শে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যার পর কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগে যোগাযোগ করা হলে তারা জানায়, আজ সকালে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। হাইকমিশনারের স্ত্রী বর্তমানে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং হাইকমিশনার নিজেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



















