রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ
- আপডেট সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠি জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উদ্দেশে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য গাড়ির ব্যবস্থা করার উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি কমানো, ইভটিজিং প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা। এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ ও সেতু রানী ববি, অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















