ঝালকাঠিতে সিঁধ কেটে ডাকাতি: জিম্মি করে লুটপাট, এলাকাজুড়ে আতঙ্ক
- আপডেট সময় : ০৬:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গভীর রাতে সিঁধ কেটে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই ইউনিয়নের আলমগীর হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত বাড়ির দেয়াল সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সদস্যদের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় প্রায় ছয়জন ডাকাত দলের সদস্য ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে মূল্যবান মালামাল লুট করে।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি ও স্টিলের পাইপ ছিল। লুটপাটের সময় তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় এবং ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নিলে পরিণাম খারাপ হবে বলে ভয় দেখায়।
এ ঘটনার পর পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় পুলিশের টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।



















