চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিনপর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিলাভালকি গ্রামের যুবক রাফি অপহরণের নয় দিন পর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের প্রবাসি আকতার সর্দারের একমাত্র ছেলে রাফি(২০) ৫ জুন শুক্রবার রাত ১০টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা পরিবারের কাছে ফোন করে প্রথমে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সেই দাবি কমিয়ে ৮ লাখ টাকায় নামিয়ে আনা হয় বলে অভিযোগ পরিবারের।স্বজনরা আরও জানান, অপহরণের পরপরই তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। তবে দীর্ঘ নয় দিনেও রাফিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠসংলগ্ন একটি খালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন।স্থানীয়দের ভাষ্য, মরদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকায় শিয়াল-কুকুরে শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।






















