ঝালকাঠিতে অপ-সাংবাদিকতা রুখতে এসপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস
- আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠি জেলায় কর্মরত ও বহিরাগত অপ-সাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বুধবার ১০ জুন জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কার্যালয়ে তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন ঝালকাঠি প্রেসক্লাব ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
মো. আক্কাস সিকদার, সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব।জাহাঙ্গীর হোসেন মন্জু, সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি) ও সম্পাদক, দৈনিক শতকণ্ঠ।মো. জিয়াউল হাসান পলাশ, সহ-সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব ও সম্পাদক, দৈনিক দূরযাত্রা।মাহবুব আলম, সম্পাদক, দৈনিক ঝালকাঠি বার্তা।আ স ম মাহমুদুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক, ঝালকাঠি প্রেসক্লাব।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে ঝালকাঠি জেলা ও জেলার বাইরে থেকে আসা কিছু কথিত ও অপ-সাংবাদিকদের অপতৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এদের কারণে মূল ধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তেমনি সাধারণ মানুষ ও প্রশাসন বিভ্রান্তির শিকার হচ্ছে। এই অপ-সাংবাদিকতা রুখতে সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি ও সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শুনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “সাংবাদিকতা একটি মহৎ পেশা। এর আড়ালে যারা অপ-সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিংয়ের সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি অপ-সাংবাদিকতা রুখতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় মূল ধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকদের পাশে থাকার এবং যৌথভাবে কাজ করার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।


















