জীবননগরে বাবার হাতে পুত্র অপহরণ,প্রবাসী স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি,গ্রেফতার ২
- আপডেট সময় : ০৪:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে বাবার হাতে পুত্র অপহরণের পরে প্রবাসী স্ত্রীর কাছে মুক্তিপণ দাবী করে মোবাইলে ছবি পাঠানোর পরে পুলিম রাতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিম শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পিতা ও তার সহযোগীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভিকটিম সিয়ামের পিতা তার এক সহযোগীকে সাথে নিয়ে ১৭ মার্চ বিকাল সাড়ে ৫ টার দিকে শিশুটিকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের নিকট ৫০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত অর্থ প্রদান না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করা হয়।
ফলে তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে তিনি ভিকটিম উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে, একই দিন রাত সাড়ে ৯ টায় জীবননগর থানার পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালায়।এসময় সিয়ামের পিতা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মোড়াকাঠি গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ আজিজুল (২৮) ও তার সহযোগী জীবননগর থানার পাকা দক্ষিণ পাড়ার মৃত আঃ মজিদের ছেলে মোঃ আক্তার (২৬)কে গ্রেফতার করে।পরে তাদের হেফাজত হতে সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় সিয়ামের জীবন রক্ষার্থে বিকাশে দেওয়া ১০,৩০০/- টাকার মধ্যে ৭,০০০/- টাকা ও ধারালো হাসুয়া উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের মা ভারত প্রবাসী।এই সুযোগকে কাজে লাগিয়ে ছেলেকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের নিকট অর্থ আদায়ের উদ্দেশ্যে এ নৃশংস ও ঘৃণ্য কর্মকাণ্ড ঘটায়।এ ঘটনায় শিশুর পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।

























