নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা
নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা
- আপডেট সময় : ০৮:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;

চিকিৎসক ও নার্সের তীব্র সংকট, বিকল চিকিৎসা সরঞ্জাম, বেহাল অবকাঠামো এবং প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে ব্যাহত হচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা।
৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি হাসপাতালটিতে। দীর্ঘদিন ধরে বিকল এক্সরে মেশিন, অকার্যকর সেন্ট্রাল অক্সিজেন সরবরাহব্যবস্থা, জরাজীর্ণ অপারেশন থিয়েটার, পরিচ্ছন্নতাকর্মীর অভাব ও বিদ্যুৎ সংকট রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলামের উদ্যোগে হাসপাতালের ব্যবস্থাপনায় কিছু পরিবর্তনের চেষ্টা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ ৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৩৪টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮ জন চিকিৎসক। তাঁদের মধ্যে তিনজনের বদলির আদেশ রয়েছে। এ ছাড়া ইতিমধ্যে পাঁচজন চিকিৎসক হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাসপাতালটিতে সার্জারি বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক না থাকায় বিশেষ করে গ্রামাঞ্চলের গর্ভবতী নারীদের প্রসবকালীন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হচ্ছে বরিশালসহ বিভিন্ন হাসপাতালে। প্যাথলজি বিভাগেও প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। ফলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যাশিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না।
চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য জনবলেও রয়েছে ঘাটতি। হাসপাতালে নার্সের অনুমোদিত পদ ২৫টি। এর মধ্যে প্রায় আটজন নার্স বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ফলে নিজ হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ ছাড়া ৭ টি ফার্মাসিস্টের পদ থাকলেও বর্তমানে ফার্মাসিস্টের সংকট রয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্যও নেই প্রয়োজনীয় ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী।
চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সমস্যাও দীর্ঘদিনের। হাসপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। অপারেশন থিয়েটারের অবস্থাও বেহাল। উন্নতমানের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলেও সরবরাহ লাইন অকার্যকর থাকায় কেন্দ্রীয় ব্যবস্থায় রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া হাসপাতালের পুরোনো ভবন সংস্কার এবং আবাসিক চিকিৎসকদের থাকার উপযোগী আবাসনব্যবস্থা নিশ্চিত করাও জরুরি হয়ে পড়েছে।
বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। হাসপাতালের উচ্চক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল দীর্ঘদিন ধরে বিকল। জেনারেটর ব্যবস্থাও কার্যকর না থাকায় বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়। একসময় সুপেয় পানির সংকটও ছিল। সম্প্রতি একটি গভীর নলকূপ স্থাপন করায় সে সমস্যার কিছুটা সমাধান হয়েছে। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে বরাদ্দকৃত গাড়ি থাকলেও চালক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। এতে মাঠপর্যায়ের কার্যক্রম ও দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা তদারকিও বাধাগ্রস্ত হচ্ছে।
এতসব সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। যোগদানের পর থেকে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বিকল যন্ত্রপাতি সচল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জনবল ও অবকাঠামোগত সমস্যার সমাধানে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এক্সরে মেশিন চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীর সংকট থাকায় পরিচ্ছন্নতা কমিটির মতামতের ভিত্তিতে নিজস্ব তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগও নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালের সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত। সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়েই প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকট রয়েছে। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করতে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সরবরাহ লাইন মেরামত করা জরুরি। এক্সরে মেশিন চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশ উন্নয়নেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং প্রায় ৬২টি নিমগাছ রোপণ করা হয়েছে। বাংলাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগে সহযোগিতা করেছে বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক টিম।
সংশ্লিষ্টদের মতে, একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একক প্রচেষ্টায় দীর্ঘদিনের এসব সংকট সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ। বিশেষ করে শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রেষণে থাকা জনবল ফিরিয়ে আনা, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, এক্সরে মেশিন ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সচল করা এবং অপারেশন থিয়েটার সংস্কার এখন সময়ের দাবি।
বাবুগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ৫০ শয্যার হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করবে। শুধু ভবনের শয্যাসংখ্যা বাড়ানো নয়, প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।




















