নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১২:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে শনাক্ত প্রধান অভিযুক্ত মোঃ হাসান হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মোঃ মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগম (৪৫)-এর স্বামী মোঃ মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে।
এ সময় সুখি বেগম দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে মোবাইল চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে হাসান হাওলাদারের নাম উঠে আসে। তাকে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসান হাওলাদারকে ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।




















