উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস
উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস
- আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

কয়েক দিনের ব্যবধানে একের পর এক সংঘাত, সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে গোপালগঞ্জে। সর্বশেষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রকাশ্য বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও। সব মিলিয়ে ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে জেলাটির রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় রাজনৈতিক বিরোধের গণ্ডি ছাড়িয়ে এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের সক্ষমতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনাপ্রবাহের সাম্প্রতিক উত্তেজনার শুরু ১০ নভেম্বর। ওই দিন টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।
একই দিনে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং ঢাকা-খুলনা মহাসড়কের কিছু অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বিজিবির ছয় প্লাটুন সদস্য মোতায়েনের খবর পাওয়া যায়।
১০ নভেম্বরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৪ নভেম্বর রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় টুঙ্গিপাড়ায়। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে নিলফা, কুশলী ও বর্ণি বাজার এলাকায় হামলা চালান।
এ সময় নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। কুশলী ও বর্ণি ইউনিয়নের বিএনপি কার্যালয়েও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পাটগাতী এলাকায় যুবদলের কার্যালয় নিয়েও হামলার অভিযোগ সামনে আসে।
এসব ঘটনায় স্থানীয় বাজারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি নেতারা হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন।
রোববার সকাল থেকেই গোপালগঞ্জ জেলা শহরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলকারীরা লগি-বৈঠাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক, পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুরের খবর পাওয়া যায়। গোপালগঞ্জ-পাটগাতী সড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
বিক্ষোভকারীদের কর্মসূচি আগামী ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন সফল করার প্রচেষ্টার অংশ ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলা শহরের বিক্ষোভের পাশাপাশি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ সামনে আসে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুপুর ২টার দিকে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিলের পর বিএনপি-সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
রাতেও থামেনি হামলার অভিযোগ। রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও হামলা চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। সর্বশেষ রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।’
অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছেন তাঁরা। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
পরিস্থিতির মধ্যে ১৫ নভেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহারের খবর প্রকাশিত হয়। একই দিন জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েনের কথা জানানো হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, জেলায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রায় ১৫০ বিজিবি সদস্য মোতায়েনের কথাও জানানো হয়।
তবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠেছে—প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির মধ্যেও কীভাবে পরিস্থিতি এতটা সংঘাতমুখী হয়ে উঠল? কেন একের পর এক স্থাপনা আক্রান্ত হওয়ার পরও তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ করা গেল না? ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা এবং দায়ীদের শনাক্তে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে?
১০ নভেম্বরের সংঘর্ষ থেকে ১৪ ও ১৫ নভেম্বরের ধারাবাহিক হামলা—গোপালগঞ্জের ঘটনাপ্রবাহ এখন কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও সরকারি-বেসরকারি স্থাপনা আক্রান্ত হওয়ার অভিযোগে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নাগরিকের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা এখন সবচেয়ে বড় দাবি।























