হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
- আপডেট সময় : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

পাওনা টাকার বিরোধ গড়াল মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে। পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় এক হোটেল কর্মচারীকে মারধর করে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী মো. মামুন গাজী (২৮) কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
মামুনের দাবি, হোটেলের মুদি মালামাল কেনা নিয়ে শাহ আলমের দোকানে ১৩ হাজার টাকা বকেয়া ছিল। কয়েক দিন আগে ১০ হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট থাকে ৩ হাজার টাকা। এই বকেয়ার হিসাব ও কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
অভিযোগে বলা হয়েছে, রবিবার সকালে হোটেলের অতিথিদের খাবার আনতে মেরিন ভিউ রেস্তোরাঁয় যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে শাহ আলমসহ আরও তিনজন তাঁকে মারধর করেন। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। কপালের ডান পাশেও ফোলা জখম হয়।
মামুনের অভিযোগ, মারধরের সময় হোটেলের বাজার করার জন্য তাঁর কাছে থাকা ২০ হাজার টাকাও নিয়ে যান শাহ আলম। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যান।
অভিযোগে শাহ আলম ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করা হয়েছে।
পাওনা টাকার দাবি, হাতাহাতির কথা স্বীকার নেতার
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সাথে তাদের হাতাহাতি হয়েছে।’
শাহ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, তিনি একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেন। আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রয়েছে তাঁর।
এদিকে দলটির কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, ‘আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















