ঝালকাঠিতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘যুব শান্তি মেলা
ঝালকাঠিতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘যুব শান্তি মেলা
- আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও এর ফলে সৃষ্ট সামাজিক সংকট মোকাবিলায় তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং শান্তিপূর্ণ সমাধান তুলে ধরতে ঝালকাঠিতে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে ‘যুব শান্তি মেলা’।
ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। ‘Youth Climate Action for Peace’ শীর্ষক উদ্যোগের সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত এই মেলায় জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের Youth Climate Club-এর ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা জলবায়ু পরিবর্তন ও এর সামাজিক প্রভাব তুলে ধরে বিভিন্ন সৃজনশীল সমাধান ও প্রকল্প উপস্থাপন করে।
জলবায়ু পরিবর্তন ও তরুণদের ভূমিকা
বর্তমান সময়ে নদীভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, অতিরিক্ত তাপমাত্রা এবং জীবিকাগত সংকটের মতো চ্যালেঞ্জগুলো ক্রমেই বাড়ছে। এসব সংকট মানুষের জীবনযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, মানসিক সুস্থতা ও সৃজনশীল বিকাশে বাধা সৃষ্টি করছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের শুধু জলবায়ু পরিবর্তনের শিকার হিসেবে নয়, বরং ভবিষ্যতের ‘সমাধানদাতা’ ও জলবায়ু নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিলে সার্জন ডাঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মোঃ বসির গাজী ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ,এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, যুব ও জলবায়ুকর্মীসহ তিন শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন মডেল, দেয়ালিকা, ভিডিও এবং পথনাটকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাগুলো ফুটিয়ে তোলে। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় তাদের নিজস্ব প্রস্তাবিত সমাধান ও উদ্ভাবনী উদ্যোগগুলো অতিথিদের সামনে তুলে ধরে। অতিথিরা পুরো প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ুথনেট গ্লোবালের এ ধরনের উদ্যোগে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ঝালকাঠির প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে Youth Climate Club গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”
সিভিলে সার্জন ডাঃ মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার ওপরও পড়ছে। শিশু ও তরুণদের স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিবেশ সচেতনতা ও জলবায়ুবান্ধব জীবনধারা গড়ে তোলা জরুরি।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন বলেন “তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি এবং সামাজিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তাদের সম্পৃক্ত করার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন “জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়; এটি শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য ও শান্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা চাই তরুণরা সমস্যার দর্শক না হয়ে সমাধানের অংশীদার হোক।”
Changemaker Youth Grant Awardee সাজিদ মাহামুদ: “আজকের এই যুব শান্তি মেলা আমাদের উদ্যোগের সমাপ্তি নয়, এটি নতুন কার্যক্রমের শুরুর অনুপ্রেরণা। ভবিষ্যতেও আমাদের এই জলবায়ু কার্যক্রম চলমান থাকবে।”
আয়োজকরা জানান, এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি জলবায়ু সংকটের মতো জটিল বিষয়গুলো মোকাবিলায় তরুণদের ভাবনা ও নেতৃত্বকে সামনে আনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই উদ্যোগের পরবর্তী ধাপে শিক্ষার্থীদের সৃজনশীল সমাধান ও কণ্ঠস্বর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। আগামী ২২ আগস্ট আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তরুণদের এ ভাবনাগুলো উপস্থাপন করা হবে।




















