জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলায় জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে গত ৪ আগস্ট জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
২০২৫-২৬ অর্থবছরের গত ২৪ মে নলছিটি উপজেলার ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৩ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন এবং তা সঠিক ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা প্রশাসন বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়।
নলছিটির কাঁঠিপাড়া গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদের সভাপতি বাহাউদ্দিন মিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, তাঁদের মসজিদের নামে ১ টন চাল বরাদ্দ দেওয়া হলেও মসজিদ কমিটির কেউ তা জানেন না বা কোনো চাল পাননি। তাঁদের নাম ব্যবহার করে অন্য কেউ চাল উত্তোলন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে তারা হলেন কমিটির আহ্বায়ক রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার (ভূমি), নলছিটি উপজেলা ,সদস্য ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠি,সদস্যসচিব আসাদুজ্জামান পলাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নলছিটি।
আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক পিআইও আওলাদ হোসেন নলছিটির সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, তাঁর বদলি হয়ে গেছে, তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
কমিটির আহ্বায়ক রিজভী আহমেদ সবুজ তিনি জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ৪১টি প্রতিষ্ঠানের বিষয়টি পরীক্ষা করতে কিছুটা সময় লাগবে এবং তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন: তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















